জ্বালানি সংকটে দিনে ১১ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
দেশে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত (মোট ১১ ঘণ্টা) পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টায় রাজধানীর মগবাজারে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
পাম্প মালিকদের দাবি, বর্তমানে ডিপো থেকে চাহিদামতো জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। ফিলিং স্টেশনগুলোর পক্ষ থেকে সভায় বেশ কিছু সমস্যার কথা তুলে ধরা হয়: ট্যাংকারগুলো পুরোপুরি ভর্তি না করে আংশিক লোড নিয়ে পাঠানো হচ্ছে, যার ফলে পরিবহন খরচ বেড়ে গিয়ে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। একই জেলার একাধিক পাম্পে তেল সরবরাহের ক্ষেত্রে সঠিক সমন্বয়ের দাবি জানান তারা। মালিকদের মতে, ট্যাংকারের প্রতিটি চেম্বার পূর্ণ করে তেল সরবরাহ করলে পরিবহন ব্যয় কমানো সম্ভব।
সভায় কিছু পাম্পের বিরুদ্ধে তেল মজুত বা অননুমোদিতভাবে বিক্রির অভিযোগ নিয়েও আলোচনা হয়। তবে সংগঠনটি স্পষ্ট করেছে যে, মুষ্টিমেয় কিছু পাম্পের অনিয়ম পুরো খাতের চিত্র নয়। পাম্প মালিকরা জানান: তেল মজুত থাকা সত্ত্বেও যদি কোনো পাম্প বিক্রি বন্ধ রাখে, তবে তাকে অপরাধ হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পাম্পের ডিলারশিপ বাতিলের জন্য সরকারকে পূর্ণ সহযোগিতা করবে অ্যাসোসিয়েশন। প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন পেট্রোল পাম্প মালিকরা।
Comments