অনলাইনে সারা বছরই দেওয়া যাবে আয়কর রিটার্ন: এনবিআর চেয়ারম্যান
এখন থেকে করদাতারা অনলাইনে সারা বছরই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ কিছু সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদপ্তরে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন এনবিআর চেয়ারম্যান সংবাদপত্রের মালিকদের সংগঠন 'নোয়াব' এবং টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন 'অ্যাটকো' -এর প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন।
সাধারণত প্রতি বছর ৩০ জুন অর্থবছর শেষ হওয়ার পর নভেম্বর মাসের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার নিয়ম রয়েছে। তবে বিশেষ বিবেচনায় চলতি বছরের সময়সীমা বাড়িয়ে আজ ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছিল। সময়সীমার শেষ দিনেই সারা বছর অনলাইনে রিটার্ন জমার এই নতুন সুযোগের কথা জানালেন চেয়ারম্যান।
এনবিআর চেয়ারম্যান জানান, যারা নির্ধারিত সময়ের (ডেডলাইন) মধ্যে রিটার্ন জমা দেবেন, তারা কিছু বিশেষ সুবিধা ভোগ করবেন। এর আগে নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে করদাতাদের যেসব সমস্যার সম্মুখীন হতে হতো: প্রদেয় আয়করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে অতিরিক্ত সুদ আরোপ করা হতো। বিভিন্ন খাতে বিনিয়োগের বিপরীতে যে কর রেয়াত বা রিবেট পাওয়া যায়, নির্ধারিত সময়ের পরে রিটার্ন দিলে সেই সুবিধা বাতিল হয়ে যেত।
এখন থেকে অনলাইনে সারা বছর রিটার্ন জমার সুযোগ তৈরি হওয়ায় করদাতাদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
Comments