জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং পাচারকারীদের ধরতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচারকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানায়।
সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কিছু অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। আবার কেউ কেউ এই জাতীয় সম্পদ বিদেশে পাচারের সঙ্গে জড়িত। এসব অপরাধীদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
অবৈধ মজুত বা পাচারকারী সম্পর্কে স্থানীয় প্রশাসনকে (যেমন: উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসক) সঠিক তথ্য দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে তথ্যের সত্যতা যাচাই করা হবে। তথ্যের সত্যতা প্রমাণিত হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে তথ্যদাতাকে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, জাতীয় সম্পদ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা এখন সময়ের দাবি। যারা দেশের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই উদ্যোগের ফলে তেল পাচার ও গুদামজাতকরণ অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
Comments