১১ জেলায় নতুন ডিসি, প্রশাসনে বড় রদবদল
দেশের প্রশাসনিক কাঠামোতে বড় রদবদল এনে ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ কার্যকর করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ডিসিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনার দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া মাদারীপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের মো. আবু সাঈদ, চাঁদপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহমেদ জিয়াউর রহমান এবং হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ নিয়োগ পেয়েছেন।
তালিকায় আরও রয়েছেন— নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে মুহ. রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মো. সানিউল ফেরদৌস।
একই সঙ্গে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে উল্লিখিত ১১ জেলার বর্তমান জেলা প্রশাসকদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, মাঠ প্রশাসনে অধিকতর গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই বড় রদবদল করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসনকে এই আদেশের অনুলিপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
Comments