নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন পুলিশ
ইউরোপের দেশ নরওয়ের পুলিশ জানিয়েছে, দেশটির রাজধানী অসলোয় মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনাটি 'সম্ভবত' সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকতে পারে।
গতকাল রোববার দিনের শুরুতে এ বিস্ফোরণে অসলোয় মার্কিন দূতাবাসের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।
নরওয়ে পুলিশের যৌথ তদন্ত ও গোয়েন্দা ইউনিটের প্রধান ফ্রোদে লারসেন দেশটির সম্প্রচারমাধ্যম এনআরকে-কে বলেন, 'অনুমান করা হচ্ছে, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। তবে বিষয়টি নিয়ে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।'
নরওয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মার্কিন কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করছে। এ ঘটনার তদন্ত চলছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, অসলোয় মার্কিন দূতাবাসের এ ঘটনা সম্পর্কে তাঁরা অবগত আছেন। তদন্ত করা হচ্ছে।
গতকাল রোববার দিনের পরবর্তী ভাগে এনআরকের সঙ্গে আলাপে লারসেন জোর দিয়ে বলেন, এ ঘটনার পেছনে আরও নানা কারণ থাকতে পারে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে।
এর আগে এক বিবৃতিতে নরওয়ে পুলিশ জানিয়েছিল, গতকাল স্থানীয় সময় দিবাগত রাত একটার দিকে মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরালো করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের কেউ হতাহত হননি।
Comments