প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব রুমন
আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)-কে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব এবং আতিকুর রহমান রুমনকে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তারা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির সঙ্গে সংশ্লিষ্টতা ছিন্ন করার শর্তে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাদের যোগদানের তারিখ থেকে চুক্তি কার্যকর হবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
সালেহ শিবলী ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ছিলেন। লন্ডনে অবস্থানকালে তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কয়েক বছর ধরে গণমাধ্যম–সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন। গত ২৫ ডিসেম্বর তিনি তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফেরেন।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে সরকার মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ এবং আবদুর রহমান সানিকে সহকারী একান্ত সচিব-২ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
Comments