২৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া
এবারের বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনের কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অমর একুশে বইমেলা ২০২৬ নির্দিষ্ট সময়ে শুরু করা সম্ভব হয়নি। এ বিষয়ে নতুন তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছিলেন, এবারের বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আজ নতুন এই তারিখের কথা জানানো হলো।
মেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলার সর্বশেষ প্রস্তুতি ও পরিস্থিতি তুলে ধরেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের দাবিদাওয়ার প্রেক্ষিতে নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়:
১. অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।
২. বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।
৩. ২০২৬-এর বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।
Comments