গোপন সামরিক পরিকল্পনা ফাঁস, প্রভাব কয়েক সপ্তাহ
ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এটি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার নির্দেশের ওপর। এমন তথ্য জানিয়েছেন দু'জন মার্কিন কর্মকর্তা। পরিকল্পনাটি সংবেদনশীল হওয়ায় নিজেদের নাম প্রকাশ না করার শর্তে তারা এই তথ্য দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই অভিযান অতীতের যেকোনো যুক্তরাষ্ট্র–ইরান সামরিক মুখোমুখির চেয়ে অনেক বেশি ভয়াবহ হতে পারে। এতে কূটনৈতিক তৎপরতার ঝুঁকিও বেড়ে গেছে।
গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তবে একই সময়ে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করায় নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) শুক্রবার জানায়, মধ্যপ্রাচ্যে বিমানবাহী আরও একটি রণতরী পাঠানো হচ্ছে। এর সঙ্গে হাজার হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষম নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে।
উত্তর ক্যারোলিনার একটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো 'কঠিন' হয়ে পড়েছে। তিনি বলেন, 'কখনও কখনও ভয় সৃষ্টি করতেই হয়। সেটাই একমাত্র উপায়, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।'
সম্ভাব্য দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, 'ইরান প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প সব বিকল্প খোলা রেখেছেন।'
Comments