মালদ্বীপে বাংলাদেশির মৃত্যুর রহস্যে শ্রীলঙ্কান নাগরিক রিমান্ডে
মালদ্বীপের থিলাফুশি দ্বীপে নিখোঁজের দুই দিন পর আমিন মিয়া (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। তার কর্মস্থলের ময়লার স্তূপ থেকে লাশটি পাওয়া যায়। এ ঘটনায় এক শ্রীলঙ্কান প্রবাসী নাগরিককে আটক করেছে স্থানীয় প্রশাসন।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, ২৬ জানুয়ারি কর্মস্থল থেকে নিখোঁজ হন আমিন মিয়া। পরে ২৮ জানুয়ারি দ্বীপটির ময়লার স্তূপে তার লাশ দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ময়লার স্তূপ খননের সময় এক্সক্যাভেটরের আঘাতে তার মৃত্যু হয়েছে। ওই যন্ত্রটি পরিচালনা করছিলেন ৩২ বছর বয়সী শ্রীলঙ্কান নাগরিক হিশান মাদুরাঙ্গা দিশানায়ক মেনিকা। তাকে আটক করে আদালতে তোলা হলে প্রথমে সাত দিনের রিমান্ড দেওয়া হয়। পরে আদালত আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আদালতে জমা দেওয়া প্রাথমিক প্রমাণের মধ্যে লিখিত প্রতিবেদন ও সিসিটিভি ফুটেজ রয়েছে। তদন্তকারীরা জানান, আঘাত পাওয়ার পর আমিন মিয়া ময়লার স্তূপে পড়ে গেলেও কাজ থামানো হয়নি। অপারেটর ঘটনাটি টের পেয়েছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, লাশ পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তিনি বলেন, তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ এবং মরদেহ দ্রুত দেশে পাঠাতে হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশ হাইকমিশনার নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন, নিখোঁজ হওয়ার পর দ্রুত পদক্ষেপ নিলে এ মৃত্যু এড়ানো সম্ভব হতে পারত। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলমান।
Comments