সৌদি আরবে উটের জন্য পাসপোর্ট
সৌদি আরব সরকার তাদের দেশের লাখ লাখ উটের জন্য বিশেষ পাসপোর্ট ইস্যুর পরিকল্পনা ঘোষণা করেছে। মূলত উটের বিশাল পালের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
সৌদির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানায়, এ উদ্যোগ উট পালন খাতে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি ও উট-সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরিতে সাহায্য করবে।
গত মঙ্গলবার মন্ত্রণালয় পাসপোর্টের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, সবুজ রঙের পাসপোর্টে সৌদি আরবের জাতীয় প্রতীক ও একটি সোনালি উটের ছবি খোদাই করা।
আল আকবারিয়ার তথ্য অনুযায়ী, এ পাসপোর্ট উট কেনাবেচা ও পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। এটি মালিকানা নিশ্চিতের পাশাপাশি মালিকদের অধিকার রক্ষা করবে। সৌদিতে উটের সংখ্যা প্রায় ২২ লাখ। এএফপি।
Comments