মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, শহরজুড়ে আতঙ্ক
রাশিয়ার রাজধানী মস্কোতে সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ জেনারেল গুলিবিদ্ধ হয়েছেন। আহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। হামলার পরপরই তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়।
মস্কোর উত্তর-পশ্চিম প্রান্তে একটি আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক জেনারেল স্টাফের প্রধান অধিদপ্তরের (জিআরইউ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোতে একাধিক রুশ জেনারেলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে অভিযোগ করে এসেছে রাশিয়া।
তদন্ত কমিটির মুখপাত্র সভেতলানা পেত্রেঙ্কো বলেন, 'ভুক্তভোগীকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।' তিনি জানান, এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আলেক্সেয়েভ। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এ ছাড়া ২০২৩ সালের জুনে স্বল্পস্থায়ী কিন্তু রক্তক্ষয়ী বিদ্রোহের নেতৃত্ব দেয়া ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনার জন্যও তাকে পাঠানো হয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে মস্কোর ভলোকোলামস্কোয়ে মহাসড়কের একটি আবাসিক ভবনে সংঘটিত এ গুলিবর্ষণের পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের ওপর হামলার কিছু দায় স্বীকার করেছে ইউক্রেন। গত মাসের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গে এক রুশ সেনার ওপর হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে রুশ গোয়েন্দা কর্মকর্তারা।
চলতি বছরের জানুয়ারিতে মস্কোর একটি আবাসিক ভবনের বাইরে বিস্ফোরণে আরেক জেনারেল ইগর কিরিলভ নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক উজবেক নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ।
Comments