বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, আরও কিছুদিন থাকবেন হাসপাতালে
জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
গত বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী মন্ত্রী জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্টের পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়।
অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসা শেষে তাকে উন্নত পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত তিন সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
Comments