এই অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এসব নির্বাচন আয়োজন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো ব্যত্যয় হবে না।
স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছয় মাস সময় খুবই কম। এর মধ্যেও খাল, লেক ও সড়ক নিয়ে কাজ চলছে। নিজেদের কার্যক্রম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও ইতোমধ্যে অনেকদূর এগিয়েছেন তারা।
নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা কঠিন উল্লেখ করে মীর শাহে আলম বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্বে এলে স্থানীয় পর্যায়ে সেবার মান ও উন্নয়নকাজের গতি আরও বাড়বে।
Comments