শাহজালাল বিমানবন্দরে যুক্ত হলো আধুনিক ‘গোল্ড ডিটেকশন’ প্রযুক্তি
নিরাপত্তা জোরদার ও চোরাচালান ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হচ্ছে এআই চালিত সিসিটিভি ক্যামেরা, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম এবং উচ্চ সংবেদনশীল 'গোল্ড ডিটেকশন' প্রযুক্তি।
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপরাধীর একটি ছবি থাকলেই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে শনাক্ত করতে পারবে এই আধুনিক প্রযুক্তি। শনাক্ত হওয়ার পরপরই নিরাপত্তা কর্মকর্তাদের কাছে পৌছে যাবে সতর্কবার্তা।
সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র বলছে, দেশের যেকোনো প্রান্তে অপরাধ করে কোনো ব্যক্তি ভিন্ন পরিচয়ে কিংবা পরিচয় গোপন করে বিদেশে পালানোর চেষ্টা করলে তার একটি ছবি বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে দিলেই প্রযুক্তি কাজ শুরু করবে। বিমানবন্দরের অ্যারাইভাল ও ডিপার্চার টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশন কাউন্টার ও কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে হাই-টেক এআই ক্যামেরা।
এ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা যাত্রীর মুখমণ্ডল শনাক্ত করে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে যদি কোনো সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে মিল পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে 'অ্যালার্ট' পৌছে যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, জামাকাপড় কিংবা শরীরে লুকিয়ে রাখা ক্ষুদ্র ধাতব বস্তু শনাক্ত করতে এই প্রযুক্তি কার্যকর। ফলে সাধারণ যাত্রীদের অযথা হয়রানি না করে সন্দেহজনক মালামাল শনাক্ত করার সুযোগ তৈরি হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, বিমানবন্দরে কর্মরত সরকারি সংস্থাগুলো নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক প্রযুক্তি কিনে ব্যবহার করছে। পাশাপাশি বেবিচকের নিজস্ব 'এভসেক' সিকিউরিটিও সতর্ক রয়েছে।
তিনি বলেন, টেকনিক্যাল ইকুইপমেন্ট ব্যবহারের ফলে গত দুই থেকে আড়াই বছরে অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন, অপরাধী ও চোরাকারবারিদের ধরতে বিমানবন্দরে নিয়োজিত সংস্থাগুলো হাই-টেক ইকুইপমেন্ট দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
আন্তর্জাতিক মান ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিমানবন্দরের নিরাপত্তায় প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
Comments