সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং সে সময়ই অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।
ব্যারিস্টার মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তদন্ত, গোয়েন্দা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় মুন্সিয়ানা দেখিয়েছেন।
তিনি সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নয়নে কাজ করেছেন। এছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার এবং পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ডিএমপি, সিএমপি, র্যাব, পুলিশ হেডকোয়ার্টার্স এবং দেশের প্রায় সব প্রধান রেঞ্জে (রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা) পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। আধুনিক পুলিশিং ও ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে অংশ নিয়েছেন; যার মধ্যে মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি কোর্স, পাকিস্তানে আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত ১০তম ইন্টারপা সম্মেলন অন্যতম।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নবনিযুক্ত সিআইডি প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Comments