জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও ষাটের দশকের প্রখ্যাত ছাত্রনেতা অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে পাঁচ বছরের জন্য দেশের 'জাতীয় অধ্যাপক' হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না এবং অন্য কোনো বেতনভুক্ত চাকরিতেও নিয়োজিত থাকতে পারবেন না। এই দায়িত্বে থাকাকালীন তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া তিনি নিজের পছন্দের বিষয়ে গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে গবেষণা পরিচালনা করতে পারবেন এবং এর অগ্রগতি প্রতিবেদন প্রতিবছর শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাতে হবে। রাষ্ট্রপতি আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।
উল্লেখ্য, ড. মাহবুব উল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভিসি) এবং বোস্টন বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। অর্থনীতিতে পিএইচডি অর্জনকারী এই শিক্ষাবিদ ১৯৭৬ থেকে ২০১১ সাল পর্যন্ত চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
Comments