একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চল
চূড়ান্ত অনুমোদন পেল চট্টগ্রামের আনোয়ারায় বাস্তবায়নাধীন চীনা অর্থনৈতিক অঞ্চল। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠকে এ অর্থনৈতিক অঞ্চলসহ প্রায় ৭ হাজার কোটি টাকার ৫টি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হবে।
বৈঠকে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলো হলো- ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়), করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্প।
এছাড়া ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত) প্রকল্প অনুমোদন করা হয়েছে। সভায় পরিকল্পনা মন্ত্রী ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৪টি প্রকল্প সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করেন।
Comments