আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৩ জুন
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার (১ জুন) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তদন্তের স্বার্থে নিহত শিশুদের মায়েদের সঙ্গে আমাদের কথা বলতে হচ্ছে। কিন্তু মায়েরা বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় সবার সাথে যোগাযোগ সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। এই ঘটনায় আইনগতভাবে কোনো অপরাধ (অফেন্স) হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আইনি দিক পর্যালোচনার জন্য আজই অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট আইনজীবীদের সাথে একটি বিশেষ বৈঠক নির্ধারিত রয়েছে।
দেশে হামের প্রাদুর্ভাব ও এর কারণে মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হামের জন্য আমরা সবশেষ যে ভ্যাকসিন দিয়েছি, সেটির কার্যকারিতা বা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) তৈরি হতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগে। আশা করা যাচ্ছে, এই সপ্তাহের শেষ নাগাদ হাম নিয়ে জনমনে থাকা আতঙ্ক অনেকটাই কেটে যাবে।
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে এবং ইতিমধ্যে হাসপাতালে কয়েকজন রোগী ভর্তি হয়েছেন বলে জানান মন্ত্রী। ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় একজন করে বিশেষায়িত চিকিৎসক পাঠানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
Comments