হত্যা ও মানি লন্ডারিং মামলার পলাতক আসামি রন হক সিকদার মারা গেছেন
সংযুক্ত আরব আমিরাতের দুবাই'য়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিতর্কিত ব্যবসায়ী রন হক সিকদার।
আজ সোমবার (০৪ মে) স্থানীয় সময় দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
তার পরিবারের ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায়, গত একসপ্তাহ আগে লিভার সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
উল্লেখ্য, তার বিরুদ্ধে ২০২০ সালের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। জানা যায়, তাদের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত রন হক সিকদার ও দিপু হক সিকদার পলাতক ছিলেন।
এছাড়াও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক এই পরিচালক ও তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
Comments