মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার, মহাসচিব মঈন উদ্দিন
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নির্বাচনে মো. আনোয়ার শহীদ সভাপতি নির্বাচিত হয়েছেন। মহাসচিব হয়েছেন সৈয়দ মঈন উদ্দিন আহমেদ।
নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার শহীদ বলেন, 'দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো শক্তিশালী করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। হালাল শিল্প উন্নয়ন, এসএমই খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধিতে চেম্বার সক্রিয় ভূমিকা রাখবে।
তিনি বলেন, 'সদস্যসেবা বৃদ্ধি, নীতিনির্ধারণী সহায়তা জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিএমসিসিআইকে আরও কার্যকর একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।'
চেম্বারের নতুন এই পর্ষদে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন শিল্প ও ব্যবসাখাতের বেশ কয়েকজন বিশিষ্ট নেতৃবৃন্দ, তারা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি এম. এ. বকর (ব্যবস্থাপনা পরিচালক, জেসি শিপিং এজেন্সি লিমিটেড), সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন (সিইও, অ্যারো স্পিড ইন্টারন্যাশনাল লিমিটেড) এবং সহ-সভাপতি মো. আরফাতুর রহমান আপেল (স্বত্বাধিকারী, আরাফাত মোটরস অ্যান্ড মেশিনারিজ)।
যুগ্ম মহাসচিব এম. মাহমুদুর রশিদ (ব্যবস্থাপনা পরিচালক, গ্রাসহপার কর্পোরেশন) এবং যুগ্ম মহাসচিব মো. মামুনুর রহমান (সিইও, এক্সপোপ্রো)।
কোষাধ্যক্ষ আহমেদ কবির (চেয়ারম্যান, ওয়ার্ল্ডবিডি ট্রেড লিমিটেড)।
পরিচালক হিসেবে নির্বাচিত অন্যান্যরা হলেন, ডা. লকিয়াত উল্লাহ (ব্যবস্থাপনা পরিচালক, বায়োফার্মা লিমিটেড), ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান (ব্যবস্থাপনা পরিচালক, বিবিএস ক্যাবলস লিমিটেড), মোহাম্মদ শাহজাহান (স্বত্বাধিকারী, বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সিস), আবু হেনা মোস্তফা কামাল (সিইও, এসপি অ্যাগ্রো কেয়ার লিমিটেড), মো. ফাইজুল আলম ((ব্যবস্থাপনা পরিচালক, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড), মো. শাহজাহান সাজু ((ব্যবস্থাপনা পরিচালক , ইউএস এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেড), জোবায়ের আহমেদ (পরিচালক, শাহ ফতেহউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড) এবং কাজী ফাহাদ মোস্তফা (সিইও, কেএম এয়ার এভিয়েশন লিমিটেড)।
বিদায়ী সভাপতি সাব্বির এ. খান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, "বিএমসিসিআই-কে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় এক সম্মান ছিল। সেমিকন্ডাক্টর শিল্প এবং হালাল খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যে অগ্রগতি করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, জনাব মো. আনোয়ার শহীদের সুযোগ্য নেতৃত্বে এই চেম্বার সামনের দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যাবে।"
Comments