বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ পুরো বিচারাঙ্গনের কোথাও কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি দেখলে তা সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এসআরএফ সদস্যদের সঙ্গে নিজের দীর্ঘদিনের সাংবাদিকতার স্মৃতির কথা স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, 'পেশাগত জীবনে আমারও সাংবাদিকতা করার সুযোগ হয়েছে। তাই সাংবাদিকদের সুখ-দুঃখ এবং কষ্ট-বেদনা আমি কিছুটা হলেও অনুভব করতে পারি।'
তিনি আরও বলেন, 'সুপ্রিম কোর্টে যারা পেশাগত দায়িত্ব পালন করেন, তাদের চোখে যদি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আদালত কিংবা প্রশাসনের কোনো অনিয়ম-অনাচার ধরা পড়ে, তবে সেই সংবাদ অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরতে হবে।'
আদালত কেন্দ্রিক বিভিন্ন সংবাদের ইতিবাচক সুফলের কথা উল্লেখ করে তিনি বলেন, একই পিটিশন বিভিন্ন আদালতে বারবার দাখিল করার মতো কিছু গুরুতর পেশাদার অসদাচরণ তিনি নিজে আদালতের দৃষ্টিতে এনেছেন এবং আদালত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি যোগ করেন, 'এই প্রতিষ্ঠান আমাদের রুটি-রুজির জায়গা। দু-একজন দুষ্ট ব্যক্তির কারণে সামগ্রিক প্রতিষ্ঠানটি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সংবাদকর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।'
শুধু নেতিবাচক বা অনিয়মের খবর নয়, বিচারাঙ্গনে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাচ্ছে—সেসব ইতিবাচক বিষয়ও প্রচারের আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, 'অতি সম্প্রতি প্রধান বিচারপতির কর্মত্পরতায় আপিল বিভাগ ও হাইকোর্টে হাজারও মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোও জাতির সামনে আনতে হবে। আমি চাই না আদালত সম্পর্কে সমাজে কোনো ভুল বার্তা যাক; মানুষ যেন সঠিক তথ্য জানতে পারে।'
অনুষ্ঠানের শুরুতে দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। পরে দুপুর ১টায় কেক কেটে এসআরএফ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী এবং জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এছাড়াও অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিভিন্ন স্তরের রেজিস্ট্রার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ আরও দায়িত্বশীলভাবে পরিবেশনের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
Comments