ডনের জামিন নামঞ্জুর করলো আদালত
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়। তারপর কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় ডনের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ অগাস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন এ আবেদন করেন। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন নাকচের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ'র আইনজীবী আবিদ হাসান। রোববার ( ৯ আগস্ট ) ওমরা পালন করতে সৌদি আরব যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে সিআইডি।
এদিন আদালতে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ আসে।
জামিন আবেদনে বলা হয়, হাজতি আসামি ডনের বিরুদ্ধে এজাহার এবং গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিল না। এজন্য তার জামিন পাওয়া একান্ত আবশ্যক।
জানা গেছে, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
উল্লেখ্য, সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।
Comments