মুক্তির পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামে নিজের বাসা থেকে আটক করা হয়। আটকের কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ধ্রুব রাঠি তার ঘটনা ব্যাখ্যা করেন।
ভিডিও বার্তায় ধ্রুব রাঠির অভিযোগ, গুরুগ্রামে নিজের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটিকে 'অপহরণ' হিসেবে বর্ণনা করেন তিনি।
এক্সে প্রকাশ করা ভিডিওতে ধ্রুব জানান, শনিবার সকাল ৭টার দিকে তাঁর বাড়িতে প্রায় ২০ জন সাদাপোশাকের পুলিশ সদস্য উপস্থিত হন। এরপর তাঁকে বাসা থেকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন এই ইউটিউবার।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ধ্রুব বলেন, শোবার ঘরের দরজা খোলার পরপরই তাঁর ঘুম ভেঙে যায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই একাধিক ব্যক্তি ঘরের ভেতরে প্রবেশ করেন এবং তাঁকে সেখান থেকে নিয়ে যান। তাঁর দাবি, পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে কী হচ্ছে, তা বোঝার সুযোগ পাননি তিনি।
কেন ঘটনাটিকে গ্রেফতার বা আটকের পরিবর্তে 'অপহরণ' বলছেন, ভিডিওতে তার ব্যাখ্যাও দিয়েছেন ধ্রুব। তাঁর মতে, কোনো বিক্ষোভস্থল থেকে কাউকে পুলিশ সরিয়ে নিলে সেটি আটকের ঘটনা হতে পারে। কিন্তু তাঁর বাসায় যা ঘটেছে, তা সেই ধরনের ঘটনা নয়।
ধ্রুবের বক্তব্য অনুযায়ী, নিয়মমাফিক গ্রেফতারের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের পরিচয় প্রকাশ, গ্রেফতারের কারণ জানানো এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণের কথা। কিন্তু তাঁর দাবি, বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় এসবের কোনো কিছুই করা হয়নি। তাঁকে কেন নেওয়া হচ্ছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে ধ্রুব রাঠি দাবি করেন, তাঁকে গ্রেফতার বা আটক করার প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সে কারণেই তিনি ঘটনাটিকে 'অপহরণ' বলে উল্লেখ করছেন। তবে ধ্রুব রাঠির অভিযোগের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: এনডিটিভি
Comments