পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামির সতর্কতা জারি
মধ্য আমেরিকার দেশ পানামার উপকূলীয় এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য পরাঘাত ও সুনামির ঝুঁকি বিবেচনায় মধ্য ও দক্ষিণ আমেরিকার ৯টি দেশের জন্য সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ থাকার বিষয়ে সতর্ক করেছে পানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
ভারতীয় জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর রাতে ভারতীয় সময় ১১টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পানামার রাজধানী পানামা সিটি থেকে প্রায় ২০৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।
পানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের দেওয়া তথ্যেও একই দিন দেশটির উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্পের কথা জানানো হয়েছে। দূতাবাস সতর্ক করেছে, মূল ভূমিকম্পের পর আরও কম্পন হতে পারে, যা বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি বাড়াতে পারে।
সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় কোস্টারিকা, এল সালভাদর, পেরু, মেক্সিকো, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কলম্বিয়া ও ইকুয়েডরের জন্য সতর্কতা জারির কথা জানানো হয়েছে। উপকূলীয় এলাকায় অস্বাভাবিক পানির স্রোত তৈরি হওয়া এবং পানির উচ্চতা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে উপকূলের কাছাকাছি অবস্থানরত ব্যক্তিদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস ক্ষতিগ্রস্ত এলাকার ভবন ও স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে প্রবেশ না করা এবং জরুরি সম্প্রচারমাধ্যম ও সরকারি ঘোষণার মাধ্যমে পরিস্থিতির সর্বশেষ খবর জানার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ভূমিকম্পের কারণে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এ কারণে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।
Comments