১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ
মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় সরকারপ্রধানের দায়িত্ব পালন করা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী ও বিশিষ্ট জনস্বাস্থ্যকর্মী সিতি হাসমাহ মোহাম্মদ আলি ১০০ বছর বয়সে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক এই প্রধানমন্ত্রীর কার্যালয় ও পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাদের ছেলে মোকজানি মাহাথিরের বরাত দিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এই তথ্য নিশ্চিত করেছে।
ব্যক্তিজীবনে নিজের গুণেই মালয়েশিয়ানদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও সম্মানিত ছিলেন সিতি হাসমাহ। সহজ-সরল জীবনযাপন, আন্তরিকতা এবং অমায়িক ব্যবহারের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। স্বামীর দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ছায়ার মতো পাশে থাকার পাশাপাশি জনস্বাস্থ্য কর্মসূচি, পরিবার পরিকল্পনা এবং দেশের বিভিন্ন সামাজিক উদ্যোগে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
তিনি এমন এক সময়ে সিঙ্গাপুরের মেডিকেল কলেজে উচ্চশিক্ষা গ্রহণ ও ডিগ্রি অর্জন করেছিলেন, যখন মালয়েশীয় নারীদের মধ্যে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ বা প্রচলন ছিল খুবই বিরল।
১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরের মেডিকেল কলেজে পড়ার সময় মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহর প্রথম পরিচয় হয়। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় একসঙ্গে পথ চলার পর চলতি বছরের আগস্টেই তাঁরা তাঁদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন।
এই দম্পতির ঘরে সাত সন্তান রয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ব্যবসায়ী মোকজানি মাহাথির, প্রখ্যাত সমাজকর্মী মারিনা মাহাথির এবং প্রভাবশালী রাজনীতিক মুখরিজ মাহাথির।
১০১ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বিভিন্ন সময়ে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন যে, তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সাফল্যের পেছনে স্ত্রী সিতি হাসমাহর অসামান্য অবদান ও অনুপ্রেরণা ছিল। তাঁর এই প্রয়াণে মালয়েশিয়াসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Comments