রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত, আহত ৬
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে তুষারধসের কবলে পড়ে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে।
গত রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে এই তুষারধস নামে। এতে ৩৩ জন পর্বতারোহীর একটি বড় দল বরফের নিচে আটকা পড়ে।
উদ্ধারকারী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার মধ্যে ১০ জন পর্বতারোহী নিজ প্রচেষ্টায় পাহাড় থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম হন। তবে এরপরও আরও ছয়জনের অবস্থান ও ভাগ্য নিয়ে অনিশ্চয়তা ছিল।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ৫০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেন। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং নতুন করে তুষারধসের চরম ঝুঁকির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।
Comments