হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে দুই দিনের সফরে আজ রোববার (২৩ আগস্ট) প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। সফরকালে হরমুজ প্রণালিকে ঘিরে সম্ভাব্য বাণিজ্যিক ঝুঁকি মোকাবিলায় বিকল্প যোগাযোগ ও বাণিজ্যপথ তৈরির বিষয়ে আলোচনা করবেন দুই নেতা।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
আলোচনায় হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বেশ কিছু সম্ভাব্য উদ্যোগ গুরুত্ব পেতে পারে। এর মধ্যে উপসাগরীয় অঞ্চলের বাইরে ওমানের বন্দর ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণ, সৌদি আরবসহ বিভিন্ন দেশে তেল পরিবহনের পাইপলাইন বাড়ানো বা বিদ্যমান সক্ষমতা দ্বিগুণ করা এবং নতুন রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে ম্যাক্রোঁ ও মোহাম্মদ বিন সালমান সৌদি-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ফ্রান্স এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। এ বিষয়টি সামনে রেখে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।
তবে বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি এবং এর ওপর নির্ভরতা কমাতে বিকল্প বাণিজ্যপথ তৈরির উদ্যোগ।
Comments