হরমুজ প্রণালিকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি করল ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাত ও মার্কিন অবরোধের মধ্যেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিকে আবারও 'আমেরিকার ভূখণ্ড' হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি এটিকে বর্তমানে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখছেন। এ সময় ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
রসিকতার সুরে ট্রাম্প বলেন, শুক্রবার রাত হওয়ায় হাতে অনেক সময় রয়েছে—প্রয়োজনে ইরানে আরও বোমা হামলা করা যায় কি না, সে কথাও তিনি ভাবছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে ৬৮টি বাণিজ্যিক জাহাজকে অবরোধের আওতায় চলাচলে বাধ্য করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনা এখনো কোনো সমঝোতায় পৌঁছায়নি। দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।
এর আগেও হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং তার সিদ্ধান্ত অনুযায়ী সেখানে জাহাজ চলাচল করতে পারবে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি তার পছন্দ।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেন তিনি। সেখানে হরমুজ প্রণালিকে 'নতুন মার্কিন ভূখণ্ড' হিসেবে দেখানো হয়।
তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি মন্তব্যটিকে 'ভ্রান্ত কল্পনা' হিসেবে অভিহিত করেছেন।
Comments