ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবি পিটিআইয়ের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে তার দল। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের সুপ্রিম কোর্টে দেওয়া প্রতিবেদনে ইমরানের উচ্চ রক্তচাপের বিষয়টি উঠে আসার পর তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছে
সোমবার সুপ্রিম কোর্টে প্রতিবেদনটি জমা দেওয়া হয়, ইমরানের মামলার শুনানির এক দিন আগে। প্রতিবেদনে তার উদ্বেগ ও রক্তচাপের সমস্যা কমাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশের পর সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা ইমরান খানকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনর্বহালের আহ্বান জানান তারা।
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেন, ইমরানের রক্তচাপ বেশি থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। তার দাবি, ইমরানকে অবিলম্বে হাসপাতালে নিয়ে সর্বোত্তম চিকিৎসা দিতে হবে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, ইমরানের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষ্য, ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেরা আগে রক্তচাপ পরীক্ষা করে স্বাভাবিক পেয়েছিলেন। তবে কারাগারের সাম্প্রতিক প্রতিবেদনে উচ্চ রক্তচাপের কথা উল্লেখ করা হয়েছে।
আফ্রিদির দাবি, দীর্ঘদিন ধরে ইমরানের পরিবারের সদস্য, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, কারাগারের ভেতরে ইমরানের প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে দলটি এখনো পুরোপুরি অবগত নয়।
ইমরানের চোখের সমস্যা প্রকাশ্যে আসার পর থেকেই ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভালো কোনো হাসপাতালে তার চিকিৎসার দাবি জানিয়ে আসছে পিটিআই। গত জুনেও চোখের চিকিৎসার জন্য তাকে পিআইএমএসে নেওয়া হয়েছিল এবং চিকিৎসা শেষে আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়।
সোহেল আফ্রিদি বলেন, ইমরানের আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ আবার চালু করা উচিত। তার মতে, এটি কোনো বিশেষ সুবিধা নয়, বরং একজন বন্দির ন্যায্য অধিকার।
তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার ক্ষেত্রেই যদি বিচার বিভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাবে—এ প্রশ্নের জবাব দিতে হবে।
পিটিআইয়ের দাবি, ইমরানের চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকদের প্রবেশাধিকার এবং পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
ইমরানের মামলার শুনানির জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিন সদস্যের বেঞ্চ বসার কথা রয়েছে। পিটিআই আশা করছে, শুনানির দিনই ইমরানের সঙ্গে আইনজীবী ও পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ এবং তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এদিকে, ইমরানের চিকিৎসা ও সাক্ষাতের অধিকার নিয়ে এর আগেও সুপ্রিম কোর্টে বিষয়টি উঠেছে। সম্প্রতি আদালত আদিয়ালা কারাগারে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের বিস্তারিত তথ্য চেয়েছে এবং পূর্ণাঙ্গ মেডিকেল রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
Comments