এপস্টেইনের সঙ্গে অ্যানথ্রপিক সিইওর স্ত্রীর যোগাযোগ, গোপন তথ্য ফাস
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোডেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্কের যোগাযোগ ছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, ক্যামি 'লাক্সারি পর্ন' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এ ব্যবসায় বিনিয়োগের জন্য তিনি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার পরিকল্পনা ছিল, যৌন বিনোদনের জগতে নতুন ধরনের ব্যবসায়িক মডেল তৈরি করা।
প্রকাশিত নথি ও ই-মেইলের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০১১ সালের মার্চে এজেন্ট জন ব্রকম্যানের মাধ্যমে ক্যামির সঙ্গে এপস্টেইনের পরিচয় হয়। এর আগে ২০০৮ সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল এপস্টেইন।
ব্রকম্যানের পরামর্শে ক্যামি ও এপস্টেইন একটি নৈশভোজে অংশ নেন। সেখানে ক্যামির ব্যবসায়িক অংশীদার মিশেল ক্যাপোসেফালোও উপস্থিত ছিলেন।
নৈশভোজের আগে ক্যামি এপস্টেইনকে ই-মেইলে জানান, তার সঙ্গে সন্ধ্যার খাবারে যোগ দিতে তারা আগ্রহী। পরদিন আরেকটি বার্তায় ওই সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
এরপর ক্যামি তার প্রস্তাবিত প্রতিষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা, অর্থের প্রয়োজনীয়তা এবং কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য ও বিষয়বস্তুর ধারণা এপস্টেইনের কাছে পাঠান। ই-মেইলে তিনি এমন কিছু বিষয়বস্তুর কথাও উল্লেখ করেন, যা এপস্টেইনের আগ্রহের হতে পারে বলে ধারণা করেছিলেন।
প্রায় এক বছর পর ক্যামি এপস্টেইনকে তার ব্যবসায় অর্থ বিনিয়োগে আগ্রহী কি না, তা জানতে চান। তবে শেষ পর্যন্ত এপস্টেইন ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্য একটি ই-মেইলে এপস্টেইন টেলিভিশনে যৌনতার বিষয়বস্তু দেখানোর সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন।
নথি অনুযায়ী, ২০১২ সালের জুলাইয়ে ক্যামি নিজের বাড়িতে আয়োজিত একটি পার্টিতেও এপস্টেইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ওই অনুষ্ঠানের পর তাদের মধ্যে আর কোনো সাক্ষাৎ হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
এপস্টেইনের সঙ্গে ক্যামির যোগাযোগের এসব তথ্য তার ব্যবসায়িক উদ্যোগ ও তৎকালীন যোগাযোগের পরিধি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
Comments