কলম্বিয়ায় ভয়াবহ ভুমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৫
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫। এই ভয়াবহ দুর্যোগের কারণে দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শোক ঘোষণা করেছে এবং বুধবার (১৩ আগস্ট) দেশটিতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
প্রেসিডেন্টের বলেছেন, ভয়াবহ ভূমিকম্পের পর দেশটি আবার ঘুরে দাঁড়াবে। তার দাবি, সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ২৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৫০০ মানুষ।
এক বিবৃতিতে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেন, 'আমরা যা যা করা দরকার, সবই করব।' তিনি আরো বলেন, এই বিপর্যয়ের পর 'একটি দেশ ও একটি সমাজ হিসেবে আমরা আবার ঘুরে দাঁড়াব।'
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৯ হাজার ৫৫০টির বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। দেশটির কফি উৎপাদন অঞ্চলের কেন্দ্রস্থল পেরেইরা শহরে ৮৩ জন এবং দেশের তৃতীয় বৃহত্তম শহর কালিতে ৭৪ জন নিহত হয়েছেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা ভূমিকম্পে ধ্বংস হওয়া হাসপাতাল, স্কুল, বাড়িঘর ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণে একটি জরুরি তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। ভূমিকম্পের মাত্র তিন দিন আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া দে লা এসপ্রিয়েলা বলেন, 'এটি নিঃসন্দেহে একটি বড় ট্র্যাজেডি। আমাদের এখন মূল লক্ষ্য হলো যারা এখনও নিখোঁজ রয়েছেন, তাদের খুঁজে বের করা।'
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় তিনি অর্থনৈতিক জরুরি অবস্থাও ঘোষণা করেছেন। তবে এই জরুরি অবস্থার আওতায় কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা তিনি বিস্তারিত জানাননি। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। অনেকে পানি, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছেন। রক্তের চাহিদা মেটাতে রক্তদান কেন্দ্রগুলোর বাইরেও মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।
Comments