কলম্বিয়ায় ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৩৪
দক্ষিন আমেরিকার কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভুমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৩৪ জনে। কলম্বিয়ার সরকার এই জরুরি অবস্থা মোকাবেলায় জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে।
কলম্বিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যাপিটাল সিটিস (অ্যাসোক্যাপিটালেস)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পে এক হাজার ৩১০ জন আহত হয়েছেন এবং ১৫৩টি ভবন ধসে পড়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ এখনো চলছে।
প্রতিবেদন অনুসারে, কালিতে সর্বোচ্চ ৯৫ জনের মৃত্যু হয়েছে। এরপর পেরেইরাতে ৯০ জনের মৃত্যু হয়েছে। কুইবদো ও মানিজালেসেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
Comments