ডিএসপিসহ ১১ পুলিশ সদস্য নিহত, হাঙ্গুতে হামলায় ১৫ হামলাকারী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলার খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে মঙ্গলবার গভীর রাতে সশস্ত্র হামলাকারীদের আক্রমণে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)সহ ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশের একজন মুখপাত্র জানান, হামলার মুখে পুলিশ সদস্যরা শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। উভয় পক্ষের গোলাগুলিতে ডিএসপি দিয়ার খানসহ ১১ জন পুলিশ সদস্য নিহত হন। একই সংঘর্ষে ১৫ জন হামলাকারীও নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) মুজাহিদ হুসাইন জানান, অভিযানে মোট ২৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
পুলিশের দাবি, হামলাকারীরা তিনটি পুলিশ যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং একটি যানবাহন সঙ্গে করে নিয়ে যায়। নিরাপত্তা বাহিনী এখনও এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি জোরদার করা হয়েছে, যাতে অবশিষ্ট হামলাকারীদের খুঁজে বের করা যায়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা বলেছেন, আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে এবং নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগ বৃথা যাবে না। নিহতদের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে, যেখানে বিপুলসংখ্যক মানুষ ও পুলিশ কর্মকর্তা অংশ নেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়া পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে রয়েছে এবং তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণে রাখবে।
সূত্র : দুনিয়া নিউজ
Comments