সৌদি বাদশাহের রাজকীয় খরচে ওমরাহ পালনের সুযোগ
বিশ্বের বিভিন্ন দেশের ১,০০০ জন মুসলিম নারী ও পুরুষকে সম্পূর্ণ নিজস্ব ব্যয়ে ওমরাহ করানোর অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। 'দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের মেহমান কর্মসূচি' -এর আওতায় এই বিশেষ আতিথ্য দেওয়া হবে।
সৌদি আরবের ইসলামি বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয় এই রাজকীয় উদ্যোগটি বাস্তবায়ন করবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট।
চলতি ১৪৪৮ হিজরি বছর জুড়ে মোট চারটি ধাপে এই কর্মসূচিটি পরিচালিত হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের মোট ২৫০ জন ওমরাহ যাত্রী এই সুযোগ পাবেন। প্রথম ধাপের দেশগুলোর মধ্যে রয়েছে— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মায়ানমার, লাওস, তিমুর-লেস্তে, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান এবং মঙ্গোলিয়া।
ঐতিহাসিক এই উদ্যোগের জন্য বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রী ও কর্মসূচির প্রধান তত্ত্বাবধায়ক শেখ আব্দুললতিফ আল-শেখ।
তিনি বলেন, "বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের জন্য ওমরাহ পালন এবং পবিত্র স্থানসমূহ জিয়ারত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি নেতৃত্বের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ।"
তিনি আরও যোগ করেন, এই মেহমান কর্মসূচি কেবল ওমরাহ পালনেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করবে। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রভাবশালী চিন্তাবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার একটি অনন্য সেতুবন্ধ গড়ে তুলবে।
Comments