ভূমধ্যসাগরে কড়া নজরদারি: লিবীয় কোস্ট গার্ডকে ১০ টহল জাহাজ দিচ্ছে ইতালি
ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে লিবিয়ার সঙ্গে ২০১৭ সালে স্বাক্ষরিত মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) আরও তিন বছরের জন্য নবায়ন করেছে ইতালি। নবায়ন করা এই চুক্তি ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে ইতালির সরকার।
চুক্তির আওতায় লিবীয় কোস্ট গার্ডকে ১০টি নতুন উচ্চগতিসম্পন্ন টহল জাহাজ সরবরাহ করবে ইতালি। এসব জাহাজ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যা দূর থেকে ছোট নৌকা শনাক্ত করতে সক্ষম। এর মাধ্যমে সমুদ্রপথে ইতালিমুখী অবৈধ অভিবাসীদের আগেই আটক করে তাদের লিবিয়ায় ফেরত পাঠানো হবে।
ইতালির কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের ফলে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ যাত্রা কমবে এবং মানবপাচারকারী চক্রের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা আসবে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্রপথে মৃত্যুর মিছিল ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে লিবিয়ার সঙ্গে সহযোগিতা ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই।
তবে মানবাধিকার সংস্থাগুলো এই চুক্তির কঠোর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, লিবিয়ার ডিটেনশন সেন্টারগুলোতে আটক অভিবাসীরা নির্যাতন, অমানবিক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হন। এমন পরিস্থিতিতে অভিবাসীদের জোরপূর্বক লিবিয়ায় ফেরত পাঠানো আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল বলে তারা মনে করছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও এর আগে লিবিয়ার অভিবাসী আটক কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সমালোচকদের মতে, অভিবাসন সংকট মোকাবিলায় নিরাপত্তামুখী দৃষ্টিভঙ্গির পাশাপাশি মানবিক সমাধান নিশ্চিত করা জরুরি।
এদিকে ইতালির সরকার বলছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তাই কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় নেই। চুক্তি নবায়নের মাধ্যমে অভিবাসন প্রশ্নে ইতালির কৌশল আরও স্পষ্ট হলো, যা আগামী দিনে ইউরোপজুড়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।
Comments