বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত: হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি বলেন, 'রায়ের বিষয়টি আমরা শুনেছি। আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলেই আমরা আপিল করব।'
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন আদালত।
বুধবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেন আদালত।
Comments