ঢাকা বোর্ডে এসএসসিতে বৃত্তি পেলেন যারা, তালিকা প্রকাশ
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন
বৃত্তি পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। এসব শর্তের মধ্যে রয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীকে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে হবে। বৃত্তির অর্থ উত্তোলনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
এ ছাড়া বৃত্তি চালু রাখতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, ভালো আচরণ এবং পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি বজায় রাখতে হবে। উচ্চতর শ্রেণিতে অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হলে শিক্ষার্থী বৃত্তির সুবিধা পাবে না।
শিক্ষা বোর্ডের শর্ত অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরে সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এ বৃত্তির আওতায় থাকবে। অননুমোদিত প্রতিষ্ঠানে পড়াশোনা করলে বৃত্তির সুবিধা কার্যকর হবে না। এ ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে অধ্যয়নের সময়কে পাঠ বিরতি হিসেবেও বিবেচনা করা হতে পারে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ রাখা হয়েছে। সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন নিতে পারবে না। এ নিয়ম লঙ্ঘন করে বেতন দাবি করা হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
মেধা ও সাধারণ বৃত্তিতে কত টাকা পাওয়া যাবে?
নির্ধারিত শর্ত অনুযায়ী, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৫০ টাকা করে পাবে।
এ ছাড়া বইপত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে এককালীন ৯০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ খাতে বছরে ৪৫০ টাকা পাবে।
বৃত্তির সংখ্যা, অর্থের হার ও মেয়াদ নির্ধারিত নিয়ম অনুযায়ী কার্যকর থাকবে। প্রয়োজন অনুযায়ী সরকার এসব বিষয়ে পরিবর্তন বা বৃত্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
Comments