এসএসসি ২০২৭: ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, ফি নির্ধারণ করল ঢাকা বোর্ড
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ১৬ নভেম্বর থেকে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা। এ জন্য শিক্ষার্থীদের বেশ কিছু নির্দেশনাও দিয়েছে বোর্ড।
বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে ব্যাংকে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর।
অন্যদিকে, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর।
তিন সিলেবাসে অংশ নেবেন পরীক্ষার্থীরা
২০২৭ সালের এসএসসি পরীক্ষায় তিনটি ভিন্ন শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীরা অংশ নেবেন। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র তৈরি করা হবে ২০২৭ সালের সিলেবাস অনুসারে। আর অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে।
বিভাগভেদে পরীক্ষার ফি
ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের মোট পরীক্ষার ফি ২ হাজার ৪৩৫ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষাসহ কেন্দ্র ফি ৫১৫ টাকা।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১৫ টাকা। এ দুই বিভাগের জন্য বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
পরীক্ষার ফি ছাড়াও শিক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে পরিশোধ করতে হবে। তবে কোনো শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ আদায় করা যাবে না।
অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা
বোর্ডের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শেষ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে বলা হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি জিপিএ উন্নয়ন, মানোন্নয়ন এবং অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের নিয়ম ও যোগ্যতার বিষয়েও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ফরম পূরণের আগে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়সীমা, ফি ও প্রযোজ্য নিয়মাবলি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Comments