ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীরুল ইসলাম।
গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে আসা ওই ইমেইল বার্তায় বলা হয়, 'আমি প্রগতি সরণির (খা ২২৪) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।'
পুলিশ জানায়, TypicalChineseman@gmail.com নামের একটি ইমেইল ঠিকানা থেকে এই হুমকি পাঠানো হয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড্ডা থানায় জিডি করা হয়। বর্তমানে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার ইউনিট অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
Comments