শিবিরের সাথী পদ হারালেন সালাউদ্দিন আম্মার, সংগঠন থেকে বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে ইসলামী ছাত্রশিবিরের সাথী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যের অভিযোগসহ বিভিন্ন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান। তিনি জানান, গত বছর অর্থাৎ ২০২৫ সালেই বিভিন্ন অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের ৩১ জুলাই রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষরিত একটি চিঠিতে আম্মারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন, সম্পদ তসরুপ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের সেক্রেটারিয়েট সভায় তাঁর সাথীপদ মূলতবি করা হয়েছিল।
পরবর্তীতে এসব অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় ওই বছরের সেপ্টেম্বর মাসের সভায় তাঁর সাথীপদ পুরোপুরি বাতিল করা হয়। এছাড়া তাঁর উসকানিমূলক কর্মকাণ্ড ক্যাম্পাসে অস্থিতিশীলতা ও সংঘাতের পরিবেশ তৈরি করতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়, সালাউদ্দিন আম্মারের অনলাইন বা অফলাইন কার্যক্রমে যেন কেউ কোনো ধরনের ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া না দেখান। তবে রাকসুর নির্বাচিত দায়িত্বশীলদের তাঁর সঙ্গে কেবল দাপ্তরিক সম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
Comments