গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু মার্চে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ মার্চ থেকে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি কমিটির সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি পরীক্ষার মূল কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
নির্ধারিত সূচি অনুযায়ী, 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ মার্চ ২০২৭। পরদিন ২০ মার্চ নেওয়া হবে 'সি' ও 'ডি' ইউনিটের পরীক্ষা। আর 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৭ মার্চ।
তবে ভর্তি আবেদনের সময়সূচি, আবেদন পদ্ধতি, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন ছিল প্রায় সাড়ে ১৩ হাজার। চলতি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত গতবারের ২০টি বিশ্ববিদ্যালয়ের কোনোটি গুচ্ছ ভর্তি ব্যবস্থা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানায়নি।
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, গত বছর গুচ্ছ ভর্তি কার্যক্রমে থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ই এবারও এই পদ্ধতিতে থাকবে। এর পাশাপাশি আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হতে পারে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন হবে।
গুচ্ছে যুক্ত হতে পারে আরও ৩ বিশ্ববিদ্যালয়
নতুন করে গুচ্ছ ভর্তি ব্যবস্থায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে তিনটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইউজিসির অনুমোদন পেলে এগুলো গুচ্ছভুক্ত হলে সমন্বিত পদ্ধতিতে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হতে পারে।
Comments