মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুখবর দিল শিক্ষা বোর্ড
নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি এমন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ২০২৭ সালের দাখিল (প্রাইভেট) পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
রোববার (৩০ আগস্ট) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের দাখিল (প্রাইভেট) পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম মেনে রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণ করতে হবে। এ কার্যক্রম শুধু দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত মাদ্রাসা থেকে সম্পন্ন করা যাবে।
প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ১৯ বছর হতে হবে। রেজিস্ট্রেশন ও ফরম পূরণের ফি জমা দেওয়ার সময়সীমা ৩০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তবে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির কাজ শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
যেভাবে আবেদন করতে হবে
প্রতিষ্ঠানকে প্রথমে যে কোনো ব্রাউজার ব্যবহার করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে e-SIF-এ লগইন করতে হবে। এজন্য প্রতিষ্ঠানের EIIN ও Entry Password ব্যবহার করতে হবে। এরপর Payment অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ২৪১ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন ফি সিস্টেমে জমা হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন Entry অপশন চালু হবে। সেখানে গিয়ে সংশ্লিষ্ট প্রাইভেট পরীক্ষার অপশন নির্বাচন করে শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
তথ্য এন্ট্রি শেষ হলে পূর্ণাঙ্গ তালিকার প্রিন্ট কপি নিয়ে সব তথ্য যাচাই করতে হবে। কোনো ভুল পাওয়া গেলে তালিকার Edit অপশনের মাধ্যমে তা সংশোধন করা যাবে। শিক্ষার্থীর নাম, জন্মতারিখসহ অন্যান্য তথ্য জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিকভাবে এন্ট্রি করতে হবে।
বোর্ড জানিয়েছে, দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর। এ রেজিস্ট্রেশন নবায়নের সুযোগ থাকবে না। চাকরিতে থাকা প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ ছাড়া প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরম পূরণসংক্রান্ত আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা মাদ্রাসা শিক্ষা বোর্ড সংরক্ষণ করে। ডাকযোগে কিংবা সরাসরি বোর্ডে পাঠানো কোনো আবেদন এ কার্যক্রমের জন্য গ্রহণ করা হবে না।
প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশ নিতে পারবেন। তাদের অতিরিক্ত কোনো বিষয় নেওয়ার সুযোগ থাকবে না।
Comments