ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজন
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ বিষয়ে সরকারের নির্দেশনার কপি প্রকাশ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া ও মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। একই সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজনের কথাও বলা হয়েছে।
আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহনশীলতা ও বিশ্বভ্রাতৃত্বের পাশাপাশি মানবাধিকার এবং নারীর মর্যাদার মতো বিষয়গুলো তুলে ধরতে বলা হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংবাদপত্রগুলোকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের জন্যও অনুরোধ জানানো হয়েছে।
Comments