ঠাকুরগাঁওয়ে অনুমোদন পেল ১১৭তম নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়
উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। 'ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি' নামে বিশ্ববিদ্যালয়টি ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।
নতুন এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ফলে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭টিতে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমোদন দিয়ে সম্প্রতি আদেশ জারি করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামানকে চিঠির মাধ্যমে অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার নির্ধারিত ৩১টি শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে সাময়িক অনুমতির মেয়াদ, অবকাঠামো, অনুষদ ও বিভাগ এবং সংরক্ষিত তহবিল সংক্রান্ত বিভিন্ন শর্ত।
অনুমোদনের অন্যতম শর্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব অথবা ভাড়া করা কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের ভবন থাকতে হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীনে অন্তত ছয়টি বিভাগ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নামে যেকোনো তফসিলি ব্যাংকে সংরক্ষিত তহবিল হিসেবে কমপক্ষে দেড় কোটি টাকা জমা রাখার শর্তও দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামান বলেন, প্রতিষ্ঠানটি শুধু প্রচলিত ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দক্ষ মানবসম্পদ তৈরি, আধুনিক গবেষণা এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে একটি কার্যকর কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
বিশ্ববিদ্যালয়টির মূল দর্শন নির্ধারণ করা হয়েছে—'শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন এবং উদ্ভাবন থেকে কর্মসংস্থান।'
বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া শুরু হয় ১৯৯২ সালে। এর ধারাবাহিকতায় এবার ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হলো।
এর আগে সরকার ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে।
নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়টি চালু হলে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Comments