বাউবিতে বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) 'স্কুল অব ল'-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ারনেস ক্লাবের (সিডিসিএ) আয়োজনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা নিয়ে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার আইন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ওয়েবিনারে বিজেএস পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনার কৌশল ও ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ জীবন নাহার নয়ন।
তিনি বলেন, বিজেএস পরীক্ষায় ভালো করতে হলে শুরু থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে হবে। এজন্য নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম, পরীক্ষার সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা এবং গুরুত্বপূর্ণ আইনগুলো ভালোভাবে আয়ত্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কমানোর পরামর্শ দেন জীবন নাহার নয়ন। পাশাপাশি নিজস্ব নোট তৈরি করে পড়াশোনা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ওয়েবিনারটি সঞ্চালনা করেন বাউবির 'স্কুল অব ল'-এর প্রভাষক ও সিডিসিএর কো-অর্ডিনেটর রিচিমনি প্রমা। তিনি বলেন, বিজেএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য অধ্যবসায়ের পাশাপাশি প্রয়োজন ত্যাগ ও ধৈর্যের মানসিকতা।
অনুষ্ঠানের সভাপতি ও 'স্কুল অব ল'-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিডিসিএর মাধ্যমে বিজেএস পরীক্ষা ছাড়াও আইন পেশা, গবেষণা ও একাডেমিয়াসহ বিভিন্ন ক্যারিয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুত করতে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে বিজেএস পরীক্ষা ও ক্যারিয়ার প্রস্তুতি নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন করেন। আলোচক এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
Comments