জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে জাপানের সফল অভিজ্ঞতা ও কারিকুলামকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (২৪ জুন, ২০২৬) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে শিক্ষক প্রশিক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করা হয়।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সিভিক এডুকেশন (নাগরিক শিক্ষা), ক্রীড়া, সংস্কৃতি, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জিং ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাপানের নাগরিক শিক্ষা বিশ্বব্যাপী প্রশংসিত। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে জাপানের এই মডেল অনুকরণ করা হবে। বিজ্ঞান ল্যাবের মতো গণিত শিক্ষাকে আরও আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করতে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়ে জাইকার কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা চেয়েছে মন্ত্রণালয়।
ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষায় কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ বর্তমানে থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসন ব্যবস্থা পর্যালোচনা করছে। মাঠপর্যায়ের অফিসসমূহের দায়িত্ব, জবাবদিহিতা, কর্মদক্ষতা মূল্যায়ন এবং মনিটরিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাইকা প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোখলেছুর রহমান, যুগ্মসচিব (পরিকল্পনা) মো. ছাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হাসান এবং জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ মোরিকাওয়া ইউকোসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments