বেসরকারি ব্যাংক থেকেই এমডি খুঁজছে অর্থ মন্ত্রণালয়
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক এই ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকারদেরও বিবেচনা করছে সরকার। এ জন্য যোগ্য প্রার্থী খুঁজছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে চায় সরকার।
১৯ অক্টোবর 'রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা' সংশোধন করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ছয় বাণিজ্যিক ব্যাংকে বর্তমানে কোনো নিয়মিত এমডি নেই। দুই দফায় এসব ব্যাংকের এমডিদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। প্রথম দফায় গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, ও বিডিবিএলের এমডির মেয়াদ বাতিল করা হয়। দ্বিতীয় দফায় ১৯ অক্টোবর সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংকের এমডির মেয়াদ বাতিল হয়।
অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডি নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। আপাতত এই তিন ব্যাংকে বেসরকারি খাত থেকে এমডি নিয়োগের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।
ছয় বাণিজ্যিক ব্যাংকে একযোগে নিয়মিত এমডি না থাকার ঘটনা এবার দ্বিতীয়বার ঘটল। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই বছরের ১৯ সেপ্টেম্বর ছয় ব্যাংকের এমডিদের অবশিষ্ট মেয়াদ একযোগে বাতিল করা হয়।
Comments