আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে করছাড়
নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে করদাতাদের জন্য বিশেষ করছাড়ের বিধান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সুবিধা পেতে হলে আগামী ৪ দিনের মধ্যে, অর্থাৎ আগামী বুধবারের (৩০ সেপ্টেম্বর ২০২৬) মধ্যে রিটার্ন জমা দিতে হবে।
চলতি অর্থবছরের বাজেটে যুক্ত হওয়া এই নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে রিটার্ন দাখিলের সময় যে কর পরিশোধযোগ্য হবে, তার ওপর ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা (যেটি কম) করছাড় হিসেবে পাওয়া যাবে। উদাহরণস্বরূপ—আপনার করের পরিমাণ ৩০ হাজার টাকা হলে, বুধবারের মধ্যে জমা দিলে ৫ শতাংশ বা ১ হাজার ৫০০ টাকা ছাড় পেয়ে ২৮ হাজার ৫০০ টাকা কর পরিশোধ করতে হবে।
নতুন এই নিয়মের কারণে বছরজুড়ে নিয়ম মেনে অগ্রিম কর পরিশোধ করা অনেক করদাতা পুরো সুবিধা পাচ্ছেন না। কারণ, সারা বছর বিভিন্ন মাধ্যমে কেটে রাখা বা পরিশোধ করা কর বাদ দেওয়ার পর রিটার্ন জমা দেওয়ার সময় যে নিট কর পরিশোধ করতে হয়, শুধু তার ওপরই ছাড় হিসাব করা হচ্ছে। যেসব বিষয়ের ওপর এই ছাড় প্রযোজ্য নয়:
-
সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলনের সময় কাটা অগ্রিম কর।
-
ব্যাংকের এফডিআর বা অন্যান্য মুনাফার ওপর উৎসে কাটা কর।
-
বেতন-ভাতা থেকে প্রতি মাসে কেটে রাখা বা পরিশোধ করা অগ্রিম ট্যাক্স।
সংশ্লিষ্টদের মতে, বছরজুড়ে নিয়মিত অগ্রিম কর পরিশোধকারী করদাতাদের সঙ্গে এটি একধরনের বৈষম্য তৈরি করছে।
চলতি অর্থবছরে রিটার্ন জমা দেওয়ার সময়ের ওপর ভিত্তি করে করছাড় বা জরিমানা বা অতিরিক্ত অর্থ পরিশোধের বিধান নিচে দেওয়া হলো:
-
জুলাই–সেপ্টেম্বর: পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা (যেটি কম) করছাড় পাওয়া যাবে।
-
অক্টোবর–ডিসেম্বর: কোনো করছাড় বা প্রণোদনা নেই। রিটার্নে যে পরিমাণ কর পরিশোধযোগ্য হবে, পুরোটাই দিতে হবে।
-
জানুয়ারি–মার্চ: পরিশোধযোগ্য করের অতিরিক্ত ২ শতাংশ অথবা কমপক্ষে ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অর্থ দিতে হবে।
-
এপ্রিল–জুন: পরিশোধযোগ্য করের অতিরিক্ত ৫ শতাংশ অথবা কমপক্ষে ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অর্থ দিতে হবে।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) বা ই-টিনধারীর সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) প্রায় ৪ লাখ ৫০ হাজার রিটার্ন জমা পড়েছে (গত অর্থবছরে মোট রিটার্ন জমা পড়েছিল ৪৯ লাখ ৫৫ হাজার)।
এদিকে, গতবারের মতো এবারও নির্দিষ্ট পাঁচ শ্রেণির করদাতা ছাড়া সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
Comments