ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা দাম কমার পর এবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বেড়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। শুক্রবারও নির্ধারিত নতুন দামেই স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এর আগে বুধবার এই মানের স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।
Comments