চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বছরের পর বছর অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক দুর্নীতিতে সংকটে পড়া চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আবিবা, ফারিস্ট, এফএস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই আমানত ফেরত দেওয়ার একটি পূর্ণাঙ্গ স্কিম চূড়ান্ত করে ঘোষণা করা হতে পারে। সরকারের অনুমোদন এবং প্রয়োজনীয় অর্থ ছাড়ের পর ওই পরিকল্পনা অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কয়েকটি ব্যাংকের আমানত ফেরত দেওয়ার জন্য যেভাবে স্কিম তৈরি করা হয়েছিল, তার আদলে নতুন চার আর্থিক প্রতিষ্ঠানের জন্যও একটি পরিকল্পনা তৈরি করা হবে। তবে নতুন স্কিমে আমানতের পরিমাণ ও পরিস্থিতি অনুযায়ী আলাদা কাঠামো থাকবে। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ পাওয়ার পরই সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ব্যক্তিগত আমানতকারীদের মধ্যে যাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা জমা রয়েছে, তারা পুরো অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। ২০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৯০ শতাংশ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে ৮৫ শতাংশ অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম ধাপে ফেরত দেওয়ার হারও কমবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, চূড়ান্ত স্কিমে অর্থ ফেরতের পুরো সময়সূচি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। কারা কত টাকা বা কত শতাংশ অর্থ প্রথম ধাপে পাবেন, কারা আংশিক অর্থ পাবেন এবং অবশিষ্ট টাকা কখন পরিশোধ করা হবে—এসব বিষয়ও সেখানে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেন, আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করেই সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অদক্ষ ও দুর্বল এসব প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসতে হলে আমানতকারীদের স্বার্থ রক্ষা করে কার্যকরভাবে অবসায়ন শেষ করা জরুরি।
অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানগুলোর হাতে থাকা সম্পদ ও অন্যান্য আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে।
Comments